জাতির পিতার ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আজ ১৭ই মার্চ (মঙ্গলবার) এক বাণীতে তিনি জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শিশুদের প্রতি ভালোবাসা জানান।

​শেখ হাসিনা তাঁর বাণীতে উল্লেখ করেন, ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ার পুণ্যভূমিতে জন্ম নেওয়া ‘খোকা’ কালক্রমে হয়ে উঠেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা। তিনি আমাদের কেবল একটি স্বাধীন ভূখণ্ডই দেননি, বরং একটি আত্মমর্যাদাশীল জাতিসত্তা উপহার দিয়েছেন।

বানীতে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু তাঁর জন্মদিন শিশুদের সাথে কাটাতে পছন্দ করতেন। আওয়ামী লীগ সরকার সেই ধারাবাহিকতায় দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের প্রচলন করে। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অতীতে অবৈধ দখলদার সরকারগুলো ১৭ই মার্চের রাষ্ট্রীয় কর্মসূচি ও শিশু দিবস বাতিল করেছিল।

​বর্তমান বিশ্ব রাজনীতির অস্থির সময়ে বঙ্গবন্ধুর ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’—এই নীতির প্রাসঙ্গিকতা উল্লেখ করেন তিনি। বাংলাদেশ যেন কোনো পরাশক্তির বলয়ে আবদ্ধ না হয়ে স্বাধীনভাবে মাথা উঁচু করে চলতে পারে,সেটিই ছিল জাতির পিতার আজীবন লক্ষ্য।

​দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শিখিয়েছেন আমাদের কেউ ‘দাবায়ে রাখতে’ পারবে না। সকল অগণতান্ত্রিক শক্তির আস্ফালন ও অনিশ্চয়তা কেটে যাবে যদি আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত ‘সোনার বাংলা’র আদর্শে অবিচল থাকি।

​তিনি শিশু ও তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন থেকে সততা, দেশপ্রেম ও সাহসের শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

​”জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নই হোক আমাদের জীবনের ব্রত। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।” — শেখ হাসিনা

বাণীর শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মোঃ ফকরুল ইসলাম

প্রচার ও প্রকাশনা সম্পাদক

জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়

Joy Bangla Brigade

Michigan USA 17-03-2026

Please follow and like us:
Pin Share